খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্য বেতছড়ি এলাকায় মো. জসিম উদ্দিনের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সময় জসিম উদ্দিন ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। হঠাৎ বসতঘরে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বসতঘরটি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরের খাট, আলমারি, শোকেস, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। জসিম উদ্দিন ও তার স্ত্রী ওই ঘরেই বসবাস করতেন।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘর হারিয়ে বর্তমানে বিপাকে পড়েছেন জসিম উদ্দিন ও তার স্ত্রী। বসতঘর পুড়ে যাওয়ায় তারা এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন।
জসিম উদ্দিন জানান, আগুনে তার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।