খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের দায়ে মোঃ আজাদ হোসেন নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের মেরুং বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দীঘিনালা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মেরুং বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ছোট মেরুং বাজার এলাকার মোঃ আজাদ হোসেনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালার নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট মামলা নম্বর-২৫/২৬-এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় আজাদ হোসেনকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আজাদ হোসেন ছোট মেরুং বাজার এলাকার মোঃ ইকবাল হোসেনের ছেলে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে বিধি মোতাবেক কারাগারে পাঠানো হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মেরুং বাজার এলাকায় অভিযান চালিয়ে আজাদ হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।