পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, খামারিদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে সরকার নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। খামারিরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ওষুধ ও ভেটেরিনারি সেবা জরুরি ভিত্তিতে পৌঁছে দেওয়া হচ্ছে।
১৯ জুলাই রোববার দুপুরে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত ডেইরি প্রডিউসার গ্রুপের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এনাম বলেন, সরকার খামারিদের জন্য বিভিন্ন উপকরণ, প্রণোদনা ও কারিগরি সহায়তা প্রদান করে তাদের উৎপাদন কার্যক্রমে উৎসাহিত করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপালন এবং রোগ প্রতিরোধব্যবস্থাকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে এবং সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কনক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, পটিয়া থানার ওসি জিয়াউল হক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোসাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব আবু তাহের, সিআইপি আবুল বশর, বিএনপি নেতা আবদুল মাবুদ, আবুল কাশেম, জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরী, জেলা কৃষকদলের সদস্যসচিব মীর জাকির আহমদ এবং সাবেক ছাত্রনেতা আবদুল বারেক প্রমুখ।
পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “খামারিরাই দেশের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি। তাদের স্বার্থ রক্ষা করা এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। পটিয়ার কোনো খামারি যেন প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। খামারিদের পাশে থেকে তাদের সব ধরনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”