শিরোনামঃ

পটিয়ায় অনলাইন জুয়ার সম্পৃক্তে আটক এক:জব্দ ৩ স্মার্টফোন

মোবাইলে মিলেছে একাধিক জুয়ার অ্যাপ, আইডি ও পাসওয়ার্ড; পলাতক ৫-৬ জন।

মামুনুর রশিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পটিয়ায় অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে জুয়া পরিচালনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ, একাধিক জুয়ার আইডি ও পাসওয়ার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে পটিয়া থানাধীন ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর ওস্তাদপাড়া এলাকার একটি মুদির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) ক্য লাহ্ চিং মারমা ও এএসআই (নিঃ) মো. শামীম ভূঁইয়া। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনার সময় মো. ওসমান গণি (২৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ওসমান গণির সঙ্গে থাকা আরও ৫ থেকে ৬ জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামির হেফাজত থেকে তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক যাচাইয়ে ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ, একাধিক জুয়ার আইডি ও পাসওয়ার্ড পাওয়া গেছে। এসব তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পটিয়া থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৭ ধারায় মামলা (নং-৩১, তারিখ: ২৪ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিপন্থী সব ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL