চট্টগ্রামের পটিয়ায় ১১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পটিয়া উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনামুল হক এনাম এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের স্বাগত বক্তব্য এবং কৃষি কর্মকর্তা ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, শফিকুল আলম শফিক, কৃষক দলের দক্ষিণ জেলা সদস্য সচিব মীর জাকের আহমদ, জাসাস নেতা নাছির উদ্দিন, আলমগীর আলম, কৃষক জালাল উদ্দীন প্রমুখ।
বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এনামুল হক এনাম এমপি বলেন, “কৃষি বাঁচলে দেশ বাঁচবে।” তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী কৃষিনির্ভর দেশ গড়ে তোলা হচ্ছে।
কৃষকদের বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। লবণাক্ততা, পানির সংকট ও চাঁনখালী খালের নাব্যতা ফিরিয়ে আনতে খাল পুনঃখননসহ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কৃষকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অতীত নিয়ে না ভেবে বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে গুরুত্ব দিতে হবে। কৃষকদের পাশে থেকে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য।
উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে টেকসই ও স্বয়ংসম্পূর্ণ কৃষি ব্যবস্থা গড়ে তুলতেও সরকার কাজ করছে।
অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় ১১০০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।