বাঁশখালী থানা এলাকায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ এবং তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি চক্র সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল ) বিকাল সাড়ে ৪টায় র্যাব-৭ এর একটি দল বাঁশখালী গার্লস কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে।
পরবর্তীতে সন্দেহভাজন সিএনজিটি সেখানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে চালকসহ কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-
১। মোঃ সলিম উল্লাহ (৪৩), পিতা: মৃত আব্দুল নবী, গ্রাম: গোনাপাড়া
২। মোঃ হাসান মুরাদ (৪৮), পিতা: মৃত আনসারুল হক শিকদার, গ্রাম: কুতুবজুম
৩। মোঃ মজিদ আলম ওরফে মরজান (৩৫), পিতা: মৃত কবির আহম্মেদ, গ্রাম: কুতুবজুম
মহেশখালী, কক্সবাজার।
পরে সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
র্যাব-৭ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।