কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে ট্র্যাক্টরের গরম পানিতে ঝলসে যাওয়া কিশোর চালক মুহাম্মদ সজীব (১৫) অবশেষে মৃত্যুর কাছে হার মানলো। সোমবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সজীব রাজাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝিরপাড়া এলাকার দিনমজুর কায়সারের ছেলে। স্থানীয়ভাবে সে একজন ট্র্যাক্টর চালক হিসেবে পরিচিত ছিল। দৈনিক বেতনে শ্রমিক হিসেবে ট্র্যাক্টর চালিয়ে পরিবারকে সহায়তা করত কিশোর সজীব।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে ধান মাড়াইয়ে ব্যবহৃত ট্র্যাক্টর মেশিনে গরম পানি ঢালার সময় অসাবধানতাবশত হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সজীবের শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সেখানে টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সজীব।
স্বল্প বয়সে জীবিকার তাগিদে শ্রমজীবী হিসেবে কাজ করা সজীবের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সজীব ছিল পরিশ্রমী ও ভদ্র স্বভাবের ছেলে। তার অকাল মৃত্যু পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে।