চট্টগ্রামের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ, কক্সবাজারের পেকুয়া উপজেলার সন্তান ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন।
শনিবার দিনব্যাপী কক্সবাজার সফরের অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলা সদরে পৌঁছান। পরে তিনি শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং সেখানে কিছু সময় অবস্থান করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
কবর জিয়ারতকালে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, বিভিন্ন এলাকার সংসদ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শহীদ ওয়াসিমের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন। এ সময় শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলমসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের ত্যাগ দেশের ইতিহাসে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ সময় শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি সংরক্ষণ এবং পরিবারগুলোর কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
এদিকে কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে পেকুয়া অঞ্চলে নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণে নতুন গতি সঞ্চার হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার দিনব্যাপী কক্সবাজার সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফরের অংশ হিসেবে তিনি ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, পথসভায় যোগদান, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের পাশাপাশি শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।