চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ চিংড়ি পোনা জব্দ করেছে কোস্টগার্ড। টেকনাফ থেকে খুলনার দিকে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এসব পোনা।
কোস্টগার্ডের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক একটার দিকে দুইটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চিংড়ি পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
অভিযানের পর ট্রাকচালক ও সহকারীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত চিংড়ি পোনা কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, অবৈধভাবে পোনা পরিবহন ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।