শিরোনামঃ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরের বারিক বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সামিয়া জাহান তানিশা। তিনি হাজেরা তজু ডিগ্রি কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের অনার্সের শিক্ষার্থী। তাঁর বাবার নাম মো. আবু তালেব পাটোয়ারি এবং মা নাসিমা সুলতানা। পুলিশ জানায়, একটি প্রাইভেট কারে করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পতেঙ্গা থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। বারিক বিল্ডিং মোড়ের একটু পরে অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর সড়ক ব্যবহারকারীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তরুণীকে সামিয়া জাহান তানিশাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, আমরা হাসপাতালে আছি। দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তদন্ত চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িটির নম্বর চট্ট মেট্রো–গ ১১-৪০৩৪।