শিরোনামঃ

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা

দুর্যোগ মোকাবিলা, সৌরশক্তি, দুর্ঘটনা প্রতিরোধ, স্বয়ংক্রিয় প্রযুক্তি ও পানি সংরক্ষণ নিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

মামুনুর রশিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

‘জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান মেলা-২০২৬’। গত ১৬ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
মেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব (সমন্বয়) মোহাম্মদ আজিজুল মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আকতার।
প্রধান অতিথি মোহাম্মদ আজিজুল মওলা বলেন, বিজ্ঞান শুধু পাঠ্যবইয়ের বিষয় নয়; দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের অন্যতম কার্যকর হাতিয়ার। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা দুর্যোগ মোকাবিলা, সৌরশক্তির ব্যবহার, দুর্ঘটনা প্রতিরোধ, স্বয়ংক্রিয় প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রকল্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা কীভাবে বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তব জীবনের সমস্যা সমাধানে কাজে লাগানো যায়, তার বাস্তবধর্মী ধারণা তুলে ধরে।
মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রকল্প শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। বিশেষ করে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী দক্ষতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা প্রশংসিত হয়।
আয়োজকরা জানান, পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তার বিকাশ ঘটানো এবং উদ্ভাবনী কাজে উৎসাহিত করাই এ বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL