কৃষকদের আত্মসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে বান্দরবানের আলীকদম উপজেলায় ৭০ জন কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা এবং সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় ৭০ জন কৃষকের মধ্যে জনপ্রতি মোট ১৭২টি গাছের চারা বিতরণ করা হয়। সর্বমোট ১০ হাজার চার বিতরণ করা হয়। এর মধ্যে ১০২টি ফলদ ও ৭০টি বনজ গাছের চারা ছিল। এছাড়া চারাগুলোর সঠিক পরিচর্যার জন্য কৃষকদের মধ্যে ২৪ কেজি জৈব সার এবং ১৭ কেজি রাসায়নিক সারও বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাঘাটা হর্টিকালচার সেন্টার, বান্দরবানের উপপরিচালক লিটন দেবনাথ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেলিন চাকমা।
আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, অন্যদিকে কৃষকদের বাড়তি আয়, পুষ্টি নিরাপত্তা এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কৃষকদের বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে সফলভাবে লালন-পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে এসব চারা বিতরণ করা হয়েছে।”
এদিকে চারা ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকরা। তারা বলেন, এ ধরনের কৃষিবান্ধব সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং পারিবারিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান তারা।