মহালছড়ি সরকারি কলেজে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে একাদশ শ্রেণির (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, শিক্ষাবর্ষ ২০২৫–২০২৬) বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে কলেজের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামছুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, উপজেলা জেএসএস সভাপতি নীল রঞ্জন খীসা, বাজার চৌধুরী মংসুইপ্রু চৌধুরী, শিক্ষক জ্ঞান খীসা, মোঃ এ.কে.এম. আসাদুজ্জামান, দেশপ্রিয় বড়ুয়া, কিউট চাকমা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী সহ স্থানীয় সুধীজন, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে অধ্যক্ষ প্রফেসর মোঃ শামছুর রহমান একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, একাদশ শ্রেণির মোট পরীক্ষার্থী ছিল ২৮৩ জন। এর মধ্যে ৩৮ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২১ জন এবং অকৃতকার্য হয়েছে ২২৪ জন।
ফলাফল প্রকাশের পর অধ্যক্ষ প্রফেসর মোঃ শামছুর রহমান বলেন, “এ ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা। শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে হবে, শিক্ষকদের পাঠদানে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে এবং অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত নজরদারি করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী পরীক্ষাগুলোতে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব।”
মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরাও শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং অভিভাবক-শিক্ষকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ফলাফল বিশ্লেষণের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক কার্যক্রম গ্রহণের পরামর্শ দেওয়া হয়।