চট্টগ্রামের ফটিকছড়িতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার আজিমনগরস্থ মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী প্রাঙ্গণে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রিত আত্মউন্নয়নমূলক যুব সংগঠন তাজকিয়ার উদ্যোগে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়ার এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, গাউসিয়া জামান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী, মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাসেম, শিশু-কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক ও তাজকিয়ার উপদেষ্টা এইচ. এম. রাশেদ খান, তাজকিয়ার সাবেক সভাপতি ডা. কৌশিক সাইমন শুভ এবং তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রমিজ আলী।
স্বাগত বক্তব্য রাখেন তাজকিয়া হেলথ ক্যাম্পের আহ্বায়ক ও তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি জামশেদ আলম।
দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পে প্রায় ৭০০ শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্লাড গ্রুপ কার্ড প্রদান করা হয়। ‘তারুণ্যের ডাক’ বুথের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং নারীদের স্বাস্থ্যসচেতনতা বিষয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন ডা. রিহুল জান্নাত। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।