খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দূর্গম পাহাড়ি জনপদ নগুরামপাড়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং পানি সরবরাহ ব্যবস্থার সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগুরামপাড়া পাড়াকেন্দ্রে হেলেন কেলার ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ সভার আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি। এতে পানি সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপদ পানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পানি ব্যবস্থাপনায় জনগণের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জাবারাং কল্যান সমিতির মানিকছড়ি উপজেলা কো-অর্ডিনেটর উসুইহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের স্পেশালিষ্ট অনিরুদ্ধ কুমার সরকার।
বক্তব্যে তিনি পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরে বলেন, শুধু পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করলেই হবে না, এর সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সময়ে ত্রুটি মেরামতের বিষয়েও গুরুত্ব দিতে হবে। পানি সরবরাহ ব্যবস্থার যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে দীর্ঘদিন পর্যন্ত এর সুফল পাওয়া সম্ভব।
তিনি পানি সংরক্ষণ, অপচয় রোধ এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন উপকরণ যত্নসহকারে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় জনগণকে পানি সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পাড়া কার্বারী ধনী কুমার ত্রিপুরা বলেন, স্থানীয় পর্যায়ে পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ উল্লেখ করে তিনি এর অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় স্থানীয় পাড়াবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।