চট্টগ্রামের রাউজানে একদিনের ব্যবধানে আবারও সন্ত্রাসীদের গুলিতে নাসির উদ্দিন (৪৫) নামে যুবদল কর্মী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।তিনি ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জানে আলম ওরফে ডাকাত আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তাঁর শরীরে আট থেকে ১০টি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া সময় তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির আঘাতে তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। নিহত নাসির কদলপুর ইউনিয়নের দুর্ধর্ষ সন্ত্রাসী দামা ইলিয়াসের সহযোগী হিসেবে পরিচিত বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একের পর এক গুলির ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে।
রাউজান থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে বলেন, “আমি ঘটনাস্থলে আছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে। ঘটনাস্থল পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। গুলিবিদ্ধ ব্যক্তি বেঁচে আছেন কিনা, তা এখনও নিশ্চিত নই। বিস্তারিত পরে জানানো যাবে।” তিনি আরও জানান, গুলিবিদ্ধ নাসিরের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ভোর রাতে প্রতিপক্ষের গুলিতে বিএনপি কর্মী বাবলু নিহত হন। তার একদিন পরই আবারও গুলির ঘটনায় রাউজানে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।