চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ায় গাছের ডাল ভেঙে পড়ে নিশিত দেব (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশিত দেব উত্তর পারুয়া কালীমন্দির এলাকার বাসিন্দা খোকন দেবের মেয়ে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরে নিজ বাড়ির উঠানে একটি গাছের নিচে খেলছিল নিশিত। এ সময় হঠাৎ গাছের একটি বড় ডাল ভেঙে তার শরীরের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সম্প্রতি কালবৈশাখী ঝড়ে গাছটির একটি বড় ডাল ভেঙে ঝুলে ছিল। দীর্ঘদিন সেটি অপসারণ না করায় শুক্রবার হঠাৎ ডালটি ভেঙে নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারটি গভীর শোকে ভেঙে পড়েছে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও শিশুটির অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।