চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৭নং ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়-অভিভাবক সম্পর্ক জোরদারের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রাজানগর ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল মোহাইমেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিপি রানী গোপ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লতিকা রত্ন মান্না ও সুব্রত কুমার হাজারী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী, সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার এবং অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার।
সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইমতিয়াজ মিয়া চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি মোরশেদ আলম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম পেয়ারু এবং সদস্য শহিদুল ইসলাম শাবু, শান্তু বিশ্বাস, খোরশেদ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিপি রানী গোপ বলেন, **"সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে মায়েদের আরও সচেতন হতে হবে। সন্ধ্যার পর সন্তানদের সঙ্গে পড়ার টেবিলে বসতে হবে এবং তাদের হাতে অপ্রয়োজনে মোবাইল ফোন তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে। পরিবার থেকেই একজন শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে।"
তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের ডিজিটাল স্মার্ট ক্লাসরুম পরিদর্শন করেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন।