চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে একটি ইটভাটা দখলের চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবদুল খালেক নামে একজন ছুরিকাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকার এমএফবি নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। ইটভাটাটি উপজেলা বিএনপি নেতা আজিজুল হক ও ব্যবসায়ী ফরিদ আহম্মেদের মালিকানাধীন বলে জানানো হয়।
ঘটনার প্রতিবাদে একই দিন সন্ধ্যায় ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামে সংবাদ সম্মেলন করেন ইটভাটার মালিকপক্ষ।
সংবাদ সম্মেলনে আজিজুল হক অভিযোগ করে বলেন, গত তিন বছর ধরে সরকারি ভ্যাট, লাইসেন্স ও ভূমির খাজনা পরিশোধ করে বৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে খালেক কোম্পানির নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি ইটভাটা দখলের উদ্দেশ্যে সেখানে আসে। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের প্রতিহত করা হয়। এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
ব্যবসায়ী ফরিদ আহম্মেদ বলেন, গত তিন বছর ইটভাটা পরিচালনা করতে গিয়ে অনেক লোকসান গুনতে হয়েছে। এরপরও সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনা করছেন। তিনি অভিযোগ করেন, একটি সন্ত্রাসী চক্র তাদের প্রতিষ্ঠিত ইটভাটা দখলের চেষ্টা চালায়। তবে স্থানীয়দের সহযোগিতায় তারা তা প্রতিহত করতে সক্ষম হন। অভিযুক্ত খালেক কোম্পানির বলেন, “ইটভাটা দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ওই ইটভাটার মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। আমরা কোনো দখলচেষ্টা করিনি। বরং আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমি নিজেও আহত হয়েছি। বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।”রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ বা এজাহার পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।