শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে কৃষকের মিষ্টি কুমড়ার ক্ষেত তছনছ

শত্রুতার জেরে সব গাছ উপড়ে ফেলার অভিযোগ, ক্ষতি লক্ষাধিক টাকা

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে কৃষকের মিষ্টি কুমড়া ও চাল কুমড়ার ক্ষেতের সব গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মুহাম্মদ নাজিম উদ্দিন।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাবতল কাতালশাহ পাড়ার উত্তর পাশে পাহাড়ি ঢালু জমিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মুহাম্মদ নাজিম উদ্দিন ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিপুর মৌজার মাবাপের বাড়ির বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী ৪ নম্বর ওয়ার্ডের গাবতল কাতালশাহ পাড়ার উত্তর পাশে প্রায় ৩৬ শতক জমিতে মিষ্টি কুমড়া ও চাল কুমড়ার চাষ করেন।
কৃষক নাজিম উদ্দিন জানান, প্রায় দেড় মাস আগে তিনি ওই জমিতে মিষ্টি কুমড়ার চাষ শুরু করেন। গাছ বড় হওয়ার পর মাচা তৈরিতে প্রায় ২০ হাজার টাকা খরচ করেন। প্রায় ৬০টি বীজতলা থেকে শতাধিক গাছ বেড়ে উঠেছিল। গাছগুলোতে শিগগিরই ফুল ও কুমড়া আসার কথা ছিল।
কিন্তু বুধবার রাতে কে বা কারা শত্রুতার জেরে তার ক্ষেতের মিষ্টি কুমড়া ও চাল কুমড়ার সব গাছ উপড়ে ফেলে বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে ক্ষেত নষ্ট হওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে কৃষক নাজিম উদ্দিন দেখতে পান, তার পরম যত্নে গড়ে তোলা সব গাছ মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে কৃষক নাজিম উদ্দিন বলেন, “কারও সঙ্গে শত্রুতা থাকলে সেটা আমার সঙ্গে। কিন্তু আমার ক্ষেতের সঙ্গে কীসের শত্রুতা? কয়েকদিন আগে ধার করে টাকা এনে ক্ষেতে সার দিয়েছি। দেড় মাস ধরে কঠোর পরিশ্রম করে ক্ষেতটি গড়ে তুলেছি। অথচ এক রাতেই সব শেষ করে দিয়েছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে! আর মাত্র সপ্তাহ দুয়েক পরেই গাছে ফুল ও মিষ্টি কুমড়া আসার কথা ছিল। তার আগেই সন্তানতুল্য গাছগুলো উপড়ে ফেলেছে।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL