চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার লালানগর ৩নং ওয়ার্ডের চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ফজলু আলম (৪২)। ঘটনার পর রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুটি মাদ্রাসা থেকে জুমার নামাজ শেষে ফেরার পথে আসামি মোটরসাইকেলে করে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে নেয়। পরে শিশুটির দেখানো স্থান থেকে বাড়ির চাবি নিয়ে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
শিশুটির চিৎকার-চেঁচামেচির সময় তাকে ভয়ভীতি দেখানো এবং গামছা দিয়ে মুখ বেঁধে রাখা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর স্বজনের দায়ের করা মামলার পর দীর্ঘ প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে আসামি মো. ফজলুকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর পিতা মো. আব্বাস জানান, আসামী প্রায় ১৫দিন আগে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালাই, ব্যর্থ হয়ে আজ আমার ছেলেকে ধর্ষণ করে। আমি এর উপযুক্ত বিচার চাই।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, “শিশুর বিরুদ্ধে এমন জঘন্য অপরাধের ঘটনায় মামলা রুজুর সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে। দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে টানা দুই ঘণ্টার অভিযান চালিয়ে এজাহারভুক্ত একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।