বান্দরবানের লামা উপজেলার বৃহত্তর ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নকে বিভক্ত করে প্রস্তাবিত ৮নং ইয়াংছা ইউনিয়ন নামে নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
গণশুনানি অনুষ্ঠানে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ অংশ নেন।
বৃহৎ আয়তনের এই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ায় সেবা নিতে এসে জনগণকে সীমাহীন ভোগান্তির সম্মুখীন হতে হয়। এরকম পরিস্থিতিতে ইউনিয়ন বিভক্তিকরণ সময়ের দাবি হয়ে উঠে।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত করে পৃথক দুটি ইউনিয়ন গঠনের প্রস্তাবনায় সম্মতি জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রস্তাবিত ৮নং ইয়াংছা ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, সম্ভাব্য সীমানা নির্ধারণ, জনসংখ্যা, প্রশাসনিক সুবিধা এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় গণশুনানিতে স্থানীয় জনগণ তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আলোচনায় প্রাধান্য পায় প্রান্তিক অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যসেবা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা।
পাশাপাশি রাস্তাঘাট সংস্কার, খাল খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের বিষয়ে সাধারণ জনগণ সরাসরি তাদের ভোগান্তির কথা তুলে ধরেন।