শিরোনামঃ

সন্দ্বীপে  ২৫ জলাশয়ে ১৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত

ইলিয়াছ সুমন সন্দ্বীপ :
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের সন্দ্বীপে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ২৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১৭৫ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মারুফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোহসীন আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজিম উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান সুজন ও সোনালী ব্যাংক লিমিটেড সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর ঠাকুর, সংসদ সদস্যের পিএস মাস্টার আবুল কাসেমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ২৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ১৭৫ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রাপ্যতা বাড়ানো এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করা হলে জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করবে। একই সঙ্গে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে জলাশয়ের পরিবেশ সংরক্ষণ জরুরি।

তারা বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ খাত। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন ও বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় বক্তারা জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার, নিষিদ্ধ জাল ব্যবহার এবং মাছের প্রজনন ব্যাহত হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জলাশয়ের পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL