চট্টগ্রামের সন্দ্বীপে পণ্ডিতের হাট ব্যবসায়ী কমিটির সভাপতি নাছির উদ্দীন বাবুলকে গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ব্যবসায়ী কমিটির নেতারা।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পণ্ডিতের হাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীরা জানান, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে পণ্ডিতের হাটের সভাপতি নাছির উদ্দীন বাবুলের ওপর মুখোশধারী দুর্বৃত্তরা গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন।
পণ্ডিতের হাট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বাপ্পি গুহের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সহসভাপতি শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক কামাল উদ্দিন ও অর্থ সম্পাদক হেলাল উদ্দিনসহ ব্যবসায়ী নেতারা।
বক্তারা বলেন, পণ্ডিতের হাটের একজন ব্যবসায়ী নেতার ওপর এ ধরনের হামলার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
মানববন্ধনে পণ্ডিতের হাটের বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।