শিরোনামঃ

চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, ভাঙল এনসিটির সব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে টার্মিনালটি। ২০২৬ সালের মে মাসে এনসিটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা টার্মিনালের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ।

চট্টগ্রাম বন্দর পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)-এর ব্যবস্থাপনায় এই রেকর্ড অর্জিত হয়েছে। হিসাব অনুযায়ী, মে মাসে প্রতিদিন গড়ে ৪ হাজার ৮১ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে আমদানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৬৬ হাজার ৬৪৫ টিইইউস। ফলে মোট হ্যান্ডলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউসে।

এর আগে এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল ২০২৫ সালের অক্টোবর মাসে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস। মে ২০২৬-এর অর্জন সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ জুলাই এনসিটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে সিডিডিএল। দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনালের কার্যক্রমে উল্লেখযোগ্য গতি ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে। জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিডিডিএলের সদস্যরা দায়িত্ব পালন করায় কন্টেইনার খালাস ও লোডিং কার্যক্রমে এসেছে গতি।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, এনসিটির এই রেকর্ড কেবল পরিচালন দক্ষতারই প্রতিফলন নয়; বরং দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতির জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, বন্দর কর্মকর্তা-কর্মচারী এবং সিডিডিএলের সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এই সাফল্য দেশের বন্দর খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL