শিরোনামঃ

ফুলতলী সৈকতে স্পিড বোটের নৈরাজ্যে বিরক্ত পর্যটক

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সকালের লবণভেজা বাতাস, নীল সমুদ্রের ঢেউ আর একান্ত নির্জনতার অনুভূতি চট্টগ্রামের পারকি ফুলতলী সমুদ্রসৈকত সম্প্রতি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিনই এখানে ভিড় বাড়ছে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের। ফুলতলী এখন নতুন গন্তব্য, যেখানে প্রকৃতির নির্জনতা অনেককে টেনে আনে। এটিকে এখন একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা বলে মনে করা হচ্ছে।

প্রতিদিন সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও জমে ওঠে পারকি সমুদ্র সৈকতের পাশ্ববর্তী ফুলতলী সমুদ্র সৈকতে। শহর ছাড়া শান্ত পরিবেশ আর ঢেউয়ের শব্দ মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি হয় পর্যটকদের জন্য।

পর্যটক বৃদ্ধির সঙ্গে সৈকতে বেড়েছে স্পিড বোট ও মোটরসাইকেলের নৈরাজ্য। স্পিড বোটের অতিরিক্ত ভাড়া আদায়, জোরপূর্বক আসন পূর্ণ করা এবং চরম নিরাপত্তাহীনতার মতো নানা হয়রানি ও নৈরাজ্যের অভিযোগ তুলেছেন সৈকতে আসা পর্যটকরা।

ফুলতলী সৈকতে আসা পর্যটকরা অভিযোগ করে বলেন, পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের হয়রানি অভিযোগ থাকলেও হঠাৎ করে এসব স্পিড বোট, বিচ ইজি বাইক ও মোটরসাইকেল নৈরাজ্য এখানেও বেড়ে চলছে। বিভিন্ন সময়ে স্পিড বোটের অতিরিক্ত ভাড়া আদায়, জোরপূর্বক আসন পূর্ণ করা এবং চরম নিরাপত্তাহীনতার মতো নানা হয়রানির ঘটনাও ঘটে এখানে। এসব বিষয়ে ফুলতলী সমুদ্র সৈকতে ব্যক্তি মালিকানাধীন গড়ে উঠা রাজ কুটির কতৃপক্ষকে পর্যটকরা একাধিকবার জানিয়েছে। কিন্তু দুঃখের বিষয় স্পিড বোট, বিচ ইজিবাইক ও মোটরসাইকেল নৈরাজ্যের সিন্ডিকেটের কবলে তারাও অসহায়।

সৈকতে পরিবার নিয়ে ঘুরতে আসা হালিশহরের এসএম আলমগীর বলেন, 'স্ত্রী-সন্তানদের নিয়ে পারকি সমুদ্র সৈকত থেকে স্পিড বোটের মাধ্যমে ফুলতলী সমুদ্র সৈকতে আসি। তাদের বোটের মধ্যে নিরাপত্তার জন্য কোনো লাইফ জ্যাকেট ছিলো না। এখানে এসে সৈকতের কাদামাটির ভেতর নামিয়ে দিয়েছে আমাদের। এখানে এসেই পড়েছি আরেক বিপাকে, সৈকত চরে বাচ্চা নিয়ে হাঁটাও যাচ্ছে না বিচ ইজিবাইক ও মোটরসাইকেলের দৌরাত্মে।'

তাছাড়া সৈকতে বিচ-বাইকের পাশাপাশি চলাচল করছে ভাড়ায়চালিত কিছু নামিদামি ব্র্যান্ডের বাইক। এসব বাইক ভাড়া নিতে গিয়ে তাদের রোষানলে পড়ছেন পর্যটকরা। এখানে ট্যুরিস্ট পুলিশের স্থায়ী চৌকি নেই, টহলও নিয়মিত নয়।

বাইক ভাড়া নিতে গিয়ে প্রতারণার শিকার পর্যটক সাইফুদ্দিন রানা বলেন, ‘এক ঘণ্টা ভাড়া নিয়েছিলাম ৩০০ টাকা দিয়ে। কিন্তু এক ঘণ্টা হওয়ার আগেই আমার কাছ থেকে বাইক নিয়ে ফেলে এবং ৭০০ টাকা দাবি করে। পরে বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়েই আসতে হয়েছে।’

স্থানীয় ব্যবসায়ী আবরার সালেহ বলেন, 'এসব নিবন্ধনহীন স্পিড বোটে পর্যটকদের নিরাপত্তার জন্য নেই লাইফ জ্যাকেট। সৈকতের চরে বেপরোয়া ইজিবাইক ও মোটরসাইকেলের কারণের প্রায় সময় দুর্ঘটনা। এতে করে পর্যটকরা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এক প্রকার আমরা অসহায়। দ্রূত প্রশাসন ব্যবস্থা না নিলে ফুলতলী সমুদ্র সৈকত পর্যটক হারাবে।'

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL