শিরোনামঃ

চট্টগ্রামে সরকার হাট কাঁপাচ্ছে এমবাপ্পে

ইমরান হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইমরান হোসাইন
ছবি: ইমরান হোসাইন

ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাট ও খামারে যখন বাহারি নামের গরু-মহিষ নিয়ে চলছে আলোচনা, তখন চট্টগ্রামের আনোয়ারার সরকার হাটে নজর কাড়ছে ‘এমবাপ্পে’।

বাজারে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে খামারী মোহাম্মদ রাসেলের বিশাল আকৃতির এই মহিষ।ভারতের মুররাহ জাতের এই মহিষটি তিন বছর আগে রাসেলের খামারেই জন্ম নেয়। বর্তমানে মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। আর দাম ধরা হয়েছে ১০ লাখ টাকা। পছন্দের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে নাম দিয়েছেন তিনি।

রাসেল এগ্রো খামারের স্বত্বাধিকারী রাসেল বলেন, এটি বিরল ‘মুররাহ’ জাতের মহিষ। এমবাপ্পের মতো গায়ের রঙ কালো, দূরন্ত চালাক ও আক্রমণাত্মক, অল্প বয়সেই বেড়ে উঠেছে এই মহিষ- তাই শখের বশে এই নামকরণ করা হয়েছে। তিনি বলেন, মহিষটার দাম হাকানো হয়েছে ১০ লাখ, ক্রেতারা ৭ লাখ-সাড়ে ৭ লাখ পর্যন্ত উঠেছে।

রাসেলের খামার থেকে প্রতিদিন ৫০ থেকে ১০০টি গরু মহিষ বিক্রি করা হয়। এসব গরু মহিষের দাম ২ লাখ থেকে ৮ লাখ পর্যন্ত হয়।

এদিকে আনোয়ারার ঐতিহ্যবাহী পশুর বাজার সরকার হাট ঘুরে দেখা গেছে, গরুর পাশাপাশি মহিষও রয়েছে প্রচুর। জিলহজ মাসের ১ তারিখ থেকেই প্রতিদিন গড়ে বিক্রি হয় কয়েক হাজার গরু-মহিষ। তবে শুক্র ও সোমবার সপ্তাহিক বাজারের দিন সবচেয়ে বেশি বিক্রি হয়।

আনোয়ারা, বাঁশখালী, পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, চন্দনাইশ, পেকুয়া ছাড়াও চট্টগ্রাম নগর থেকে ক্রেতারা কোরবানী পশু নিতে আসে এই বাজারে। প্রতিটি গরু ৮০ হাজার থেকে ৭ লাখ পর্যন্ত এবং মহিষ ১ লাখ ২০ হাজার থেকে ১০ লাখ পর্যন্ত রয়েছে। মধ্যবিত্তরা মনের মতো করে পশু কেনার ব্যবস্থা রয়েছে এই বাজারে।

চট্টগ্রাম নগর থেকে আসা মো. নাজিম উদ্দিন বলেন, কয়েক বছর থেকেই আমি সরকার হাট থেকে কোরবানির পশু ক্রয় করছি। এ বছর ৯ লাখ টাকায় ৩টি গরু নিয়েছি।

সরকার হাটের ইজারাদার ক্যাপটেন নুর মুহাম্মদ বলেন, প্রতিদিন ১০০ থেকে হাজারের উপরে পশু বিক্রি হয়। অন্যান্য বাজারের চেয়ে হাসিল কম হওয়ায় দূর-দূরান্ত থেকে ক্রেতারা পশু নিতে আসে। বাজারের নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামরা, পুলিশ ও স্বেচ্ছাসেবক টিম রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, 'কোরবানিকে সামনে রেখে হাট-বাজারের পাশাপশি সড়কেও পুলিশের টহল বাড়ানো হয়েছে। এছাড়াও যানজট নিরসনের কাজ করছে পুলিশ।'

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL