স্ত্রী-সন্তান নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার চট্টগ্রামের আনোয়ারার সৈয়দ মো. এরশাদুল আলম (৪৫) নামে এক প্রবাসী চিকিৎধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
নিহত এরশাদুল আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের হযরত শাহ্ মোহছেন আউলিয়া দরবারের খাদেম বাড়ি মৃত সৈয়দ শামসুল আলমের পুত্র। গত শনিবার (৬ জুন) বিকালে মেরিন ড্রাইভ সড়কে রিক্সা ও মোটরসাইকেল দুর্ঘটনা স্ত্রী ঝর্ণা আকতার (৩৫) ও পুত্র সন্তান শামসুল আরাফিন আনান (৯)সহ তিনজনই গুরুতর আহত হন। আহত অবস্থায় চট্টগ্রামের নিয়ে আসেন তাদের।
নিহতের স্বজনরা জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে রিক্সা করে ঘুরতে বেড়িয়ে মোটরসাইকেলের ধাক্কায় তিনজনে গুরুতর আহত হন। আহত অবস্থায় চট্টগ্রামে নিয়ে আসলে রাত দশটার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাদের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত নয়টায় এরশাদুল আলম মারা যান। তার সংসারে স্ত্রী ও দুই ছেলে রয়েছে। গত দুইমাস ৫ দিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছিলেন। ঈদের ছুটিতে পরিবার নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তারা। ছুটি শেষে তার সংযুক্ত আরব আমিরাতে ফেরার কথা ছিল।
নিহতের চাচা সৈয়দ মো. অহিদুল আলম বলেন, ‘বিদেশ থেকে দেশে গত শনিবার আমাদের বউমা ও নাতনীদের নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল প্রাইভেট গাড়ি নিয়ে। বিকেলে রিক্সায় চড়ে মেরিন ড্রাইভ সড়কের ঘুরতে যাচ্ছিল তারা। এসময়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল এতে ধাক্কায় দেয়। ঘটনাস্থলে তিনজনই মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় তিনজনকে চট্টগ্রামে নিয়ে আসা হয় এবং ভর্তি করানো হয় বেসরকারি একটি হাসপাতালে। আইসিওতে চিকিৎসাধীন মঙ্গলবার রাতে আমাদের ছেলে মারা যায়।’ তিনি বলেন, বুধবার বাদে জোহর হযরত শাহ্ মোহছেন আউলিয়া মাজার প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ সরওয়ার জামাল নিজাম এমপি গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।