বান্দরবানের আলীকদম উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ৩১ বীর আলীকদম সেনা জোনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন ৩১ বীর আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. আবুল হাসান পলাশ, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির প্রথম ধাপে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার এবং সেন্ট মেরিস স্কুলের শিক্ষার্থীদের মাঝে ২ হাজারসহ মোট ৪ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়।
এছাড়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মুরুংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলীকদম সেনা জোনের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন পাড়া ও জনবসতিপূর্ণ এলাকায় প্রায় ৬৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি আমাদের জীবন, জীবিকা ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় অধিক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। জনকল্যাণে আলীকদম সেনা জোনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে সেনাবাহিনীর এ কর্মসূচিকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।