শিরোনামঃ

দুর্গম সীমান্তে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন, পাহাড়ি জনগোষ্ঠী পেল বিনামূল্যে চিকিৎসাসেবা

মোঃ শাহ আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোঃ শাহ আলম
ছবি: মোঃ শাহ আলম

বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকায় চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
মঙ্গলবার (১৬ জুন) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনটি বান্দরবানের নাছিরচর/থানচি উপজেলার দুর্গম ওয়াংরাইপাড়া ও লিকড়ী সীমান্ত এলাকায় পরিচালিত হয়। এ সময় ওয়াংরাইপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ জত্রিমতি কারবারীপাড়া, মাইম্প্রু কারবারীপাড়া, রাইচাং কারবারীপাড়া ও হরিচন্দ্র কারবারীপাড়াসহ লিকড়ী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ ত্রিপুরা পাড়া, মারিং পাড়া ও নুম পাড়ার বাসিন্দাদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ ২০০ জনের অধিক চিকিৎসাবঞ্চিত স্থানীয় পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে “অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা, আর্থিক সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ।
বিজিবি জানিয়েছে, পর্যায়ক্রমে সীমান্তবর্তী অন্যান্য দুর্গম এলাকাতেও মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়নের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পেইন চলাকালে বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় কারবারি, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্পেইনটি সম্পন্ন হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানিয়েছে, ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL