শিরোনামঃ

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন উপজেলা কৃষি কর্মকর্তা 

আলীকদম প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানার ওপর অর্পণ করা হয়েছে। 

গত ২৬ জুলাই বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদোস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। 

অফিস আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের গত ১২ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। একই তারিখের অপর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মতিনকেও সাময়িক বরখাস্ত করা হয়। 

এরপর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও প্যানেল চেয়ারম্যান-৩-কে পরিষদের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় এলে ইউপি সদস্যরা মত দেন যে, এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। 

এ পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার স্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারা এবং স্থানীয় সরকার বিভাগের প্রাসঙ্গিক পরিপত্রের আলোকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানাকে ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। 

অফিস আদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এর ফলে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউনিয়ন পরিষদের আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিক সেবাসংক্রান্ত কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রয়োগ করবেন, যাতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL