কক্সবাজারের রামুতে পুলিশের দ্রুত ও সমন্বিত অভিযানে অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী (৪১) অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টা ১০ মিনিটে রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে রামু থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর ৫টার দিকে ঈদগাহ বাজার থেকে ঈদগড় যাওয়ার পথে ‘পানের ছড়া ঢালা’ এলাকা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রুস্তম আলীকে অপহরণ করে। তিনি ঈদগড় ইউনিয়নের করলিয়া মুড়া এলাকার মৃত মো. হোছনের ছেলে।
অপহরণের খবর পাওয়ার পরপরই কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে অভিযান শুরু হয়। রামু থানা ও ঈদগড় পুলিশ ফাঁড়ির একাধিক দল দিনভর দুর্গম পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালায়।
পুলিশের চাপের মুখে অপহরণকারীরা রুস্তম আলীকে ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে রাতেই তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।