শিরোনামঃ

দুর্যোগে কর্ণফুলীবাসীর পাশে ইউএনও রিদোয়ানুল ইসলাম

কর্ণফুলী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত কর্ণফুলীর পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদোয়ানুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতি পরিদর্শন এবং দুর্যোগ মোকাবিলায় জরুরি প্রস্তুতি কার্যক্রম পরিচালিত হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিবৃষ্টিতে ঘরবন্দী জুলধা ইউনিয়নের ২০০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া চরলক্ষ্যা ইউনিয়নের ৪০০টি এবং বড় উঠান ইউনিয়নের ৪০০টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

একই দিন শিকলবাহা ইউনিয়নের ৩২০ জন ও বড় উঠান ইউনিয়নের ১৮০ জনের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার পাঁচটি ইউনিয়নের পানিবন্দী ২০০টি পরিবারের কাছে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন টিম মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ, দুর্গত মানুষের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মনিটরিং সেল গঠন এবং ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদোয়ানুল ইসলাম বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা উপজেলা প্রশাসনের দায়িত্ব। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম ও সার্বিক নজরদারি অব্যাহত থাকবে।”

তিনি নিম্নাঞ্চলের বাসিন্দাদের অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করে প্রয়োজন হলে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া এবং উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL