কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১ জন এখনও নিখোঁজ রয়েছেন। গত রোববার সন্ধ্যায় কুতুবদিয়ার দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। পরদিন সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গভীর সাগরে ট্রলারটি দুর্ঘটনার শিকার হলে ৭ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয় এবং চার জেলের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নিহত জেলেরা হলেন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দিন (২০), পেকুয়ার মগনামা ইউনিয়নের কাকপাড়ার আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), একই ইউনিয়নের আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার বাসিন্দা কামাল হোসেন(৪৮)।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, ট্রলারডুবির এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার নাছির উদ্দিন (২১) নামের বাকি নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় জেলে ও ফিশিং ট্রলারগুলোর সহায়তায় সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।