খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দক্ষিণ শুকনাছড়ি এলাকার এক কলেজছাত্রী গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম রেটি চাকমা (১৯)। তিনি লক্ষীছড়ি উপজেলার ৩ নম্বর বার্মাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শুকনাছড়ি গ্রামের বাসিন্দা অনিল চাকমা ও চিত্রংলতা চাকমার মেয়ে এবং লক্ষীছড়ি সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ জুলাই সকাল ৮টার দিকে কলেজে উপবৃত্তির টাকা আনতে যাওয়ার কথা বলে রেটি চাকমা বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় তিনি তার ভাইয়ের কাছ থেকে ২ হাজার টাকা নেন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি এবং পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।
নিখোঁজ শিক্ষার্থীর চাচা লোলিন চাকমা জানান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত রেটি চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরই বর্তমানে বন্ধ রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই থেকে তিন মাস আগে এক বাঙালি যুবকের সঙ্গে রেটি চাকমার প্রেমঘটিত একটি বিষয় নিয়ে পারিবারিকভাবে কিছু সমস্যা হয়েছিল। তবে এরপর এ ধরনের আর কোনো ঘটনার বিষয়ে তারা অবগত নন। ওই যুবকের পরিচয় সম্পর্কেও পরিবারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এছাড়া রেটি চাকমা দুটি ফেসবুক আইডি ব্যবহার করতেন বলেও জানা গেছে।
জানা গেছে, ২৭ জুলাই লক্ষীছড়ি থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে নিখোঁজ কলেজছাত্রীকে দ্রুত খুঁজে বের করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।