খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ, ভারতীয় মুদ্রাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি জানায়, সোমবার ২৭ জুলাই রাত ৩টার দিকে যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন'র নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার ২ নম্বর তবলছড়ি ইউনিয়নের দেওয়ানবাড়ি বিওপির অধীন সিংহপাড়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিজিবির টহল দল সশস্ত্র চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, গোলাবারুদ, এফসিসি, ১ হাজার ৬শ ভারতীয় রুপি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করে।
জব্দকৃত মালামাল নিয়ে ক্যাম্পে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারীরা সেগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির একপর্যায়ে চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ৯ মি.মি. পিস্তল, দুটি ছোট আকারের দেশীয় এলজি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড কার্তুজ এবং ১ হাজার ৬শ ভারতীয় রুপি।
বিজিবি জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোলাগুলির সময় বিজিবির পক্ষ থেকে মোট ১৭ রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।