খাগড়াছড়ি জোন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত “গর্ভকালীন স্বাস্থ্য, পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক” ২১ দিনব্যাপী প্রশিক্ষণের সফল সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই সমাপনী সনদপত্র বিতরণ করা হয়। গত ০৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ আশরাফুল কবির, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা। ও পানছড়ি সাব জোন কমান্ডার মেজর তানভীর
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মা ও শিশু মৃত্যুর হার কমাতে এ ধরণের ব্যবহারিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভকালীন পরিচর্যা এবং প্রাথমিক চিকিৎসার সঠিক জ্ঞান থাকলে পরিবার ও সমাজ স্তরে অনেক বড় ঝুঁকি এড়ানো সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ অনুতোষ চাকমা বলেন, "মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সঠিক তথ্যের বিস্তার ও প্রাথমিক চিকিৎসার দক্ষতা অর্জন জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রশিক্ষণার্থীরা নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিলে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবার সার্বিক চিত্র অনেকটাই ইতিবাচক হয়ে উঠবে।
অনুষ্ঠান শেষে আয়োজক ও অতিথিবৃন্দ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের৩৮ জনের হাতে সমাপনী সনদপত্র তুলে দেন। স্থানীয় ডাইভার্স কমিউনিটির নারীরা এ ধরনের জীবনরক্ষাকারী আয়োজনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী, খাগড়াছড়ি জোনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।