দেশের হামের প্রাদুর্ভাব বাড়লেও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হামের উপসর্গ রোগী শূন্য ছিল। এই অবস্থায় উপজেলা মানুষজন খানিকটা স্বস্তিতে বসবাস ছিল। তবে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে হামের উপসর্গ নিয়ে আট বছর বয়সী এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একটি মাদ্রাসার ছাত্র শিশু আবু হানজাল কয়েক দিন ধরে শরীরে উচ্চমাত্রার জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া, মুখ ও গালের ভেতরে- বাইরে ছোট দাগসহ হামের নানা উপসর্গ থাকলেও প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবে নেন অভিভাবকরা।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটির নানা তাকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে ভর্তি করে পৃথক রুমে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দিচ্ছেন।
শিশুটির নানা উপজেলার গচ্ছাবিল এলাকার বাসিন্দা আবদুল লতিফ জানান, প্রাথমিকভাবে চিকিৎসকরা হাম বলেই ধারণা করছেন। তবে তার অবস্থা মোটামুটি ভালো।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোজাহেদুল ইসলাম বলেন, শিশু হানজালই প্রথম রোগী, যে হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছে। শিশুটিকে আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। হামের উপসর্গ রোগী কিনা রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে।