শিরোনামঃ

চকরিয়ার সংরক্ষিত বনে প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হলো দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

এম.মনছুর আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে।

শনিবার (১৩ জুন) দুপুর ২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী এই বৃহৎ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানিসহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং টেকসই বনায়ন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, “আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চল, উপকূলীয় এলাকা, চরাঞ্চল, পাহাড়ি অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও মহাসড়কের পাশে এবং সংরক্ষিত বনাঞ্চলে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বন দেশের গুরুত্বপূর্ণ বনাঞ্চলগুলোর একটি। এখান থেকে কর্মসূচির উদ্বোধন পরিবেশ সংরক্ষণে সরকারের অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে দেশের সব জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মালুমঘাট সংরক্ষিত বনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং বন সংরক্ষণ ও বনভূমি সম্প্রসারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিবেশবিদদের মতে, সরকারের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL