চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৮ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২ হাজার ৩৭৪ জন।
প্রসঙ্গত,
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ১৬৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৮ জন।