কক্সবাজারের পেকুয়ায় মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও দুস্থ ডায়াবেটিস রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে গুরুত্বপূর্ণ ওষুধ হস্তান্তর করেছে চট্টগ্রামস্থ পেকুয়া জনকল্যাণ পরিষদ। সংগঠনটির মাধ্যমে এই মানবিক উদ্যোগে মুখে হাসি ফুটাবে এলাকার শত শত অসচ্ছল রোগীর।
রবিবার (২১ জুন) দুপুরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে হাসপাতালের প্রধান ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে ওষুধের এই চালান তুলে দেওয়া হয়।
জানা গেছে, প্রথম ধাপের এই মানবিক কার্যক্রমের আওতায় অসহায় ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য ১০,০০০ পিস Tab. Metformin এবং ২,৫০০ পিস Tab. Gliclazide প্রদান করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই ওষুধগুলো তালিকাভুক্ত করে অসচ্ছল রোগীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এই ঐষুধ বিতরণ করবেন।
ওষুধ হস্তান্তরকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসচ্ছল, সুবিধাবঞ্চিত ও সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর সুদৃঢ় প্রত্যয় থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পেকুয়া জনকল্যাণ পরিষদ ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন পেকুয়া জনকল্যাণ পরিষদের সভাপতি এ জে এম গিয়াসুদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোর্শেদ জাফর, আরিফ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ চৌধুরী ও ট্রেজারার মোহাম্মদ সাজ্জাদুল হক। এদিকে পেকুয়া জনকল্যান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সোহাইলের পরিচালনায় বক্তব্য রাখেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ অনেকে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজিবুর রহমান এই মানবিক উদ্যোগের প্রশংসা করে পেকুয়া জনকল্যাণ পরিষদের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সমাজের বিত্তবানদের এভাবে দুস্থ মানুষের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া হাসপালে বিনামূল্যে ১০০ জলাতঙ্ক ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন পেকুয়া জনকল্যাণ পরিষদের সভাপতি এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরী।