কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ২৫,৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ধনিয়াকাটা স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
আটককৃতরা হলেন, টইটং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজির ঘোনা এলাকার বাসিন্দা মৃত জামাল হোসেনের ছেলে ও ধনিয়াকাটা স্টেশনের ব্যবসায়ী সালাহ উদ্দিন, একই এলাকার বাসিন্দা রফিক তাহেরীর ছেলে ও স্টেশনের ব্যবসায়ী জয়নাল আবেদীন। তবে অভিযানের খবর পেয়ে কৌশলে পালিয়ে যান আরেক মাদক ব্যবসায়ী জহির উদিন। তিনি পশ্চিম পাড়ার বাসিন্দা ও একই স্টেশনের দায়ের দোকানি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদি হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ধনিয়াকাটা স্টেশনে তিনটি দোকানে অভিযান পরিচালনা করে। এসময় ১০২ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ২৫,৭৮০ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন কৌশলে পালিয়ে গেছে।
আটককৃতদের মধ্যে সালাহ উদ্দিনের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ও নগদ ২৫,৭৮০ টাকা এবং জয়নালের কাছ থেকে ১০ পিস ইয়াবা পাওয়া গেছে।
ওসি বলেন, আটক ব্যক্তিরা ধনিয়াকাটা স্টেশনে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে। তারা পুলিশের নজরে ছিল। আজকে তাদের আটক করতে সক্ষম হয়েছি। পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।