শিরোনামঃ

এমভি সিএনসি ইউরেনাস উদ্ধার অভিযানে বিশ্বখ্যাত সিএমএ সিজিএমের প্রশংসা

চট্টগ্রাম বন্দরের পেশাদারিত্বে মুগ্ধ বিশ্বের শীর্ষ শিপিং লাইন; পাঠাল আনুষ্ঠানিক ‘লেটার অব অ্যাপ্রিসিয়েশন’

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রাম বন্দর চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া কন্টেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস (M.V. CNC URANUS)-কে দ্রুত, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে উদ্ধার করায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) আনুষ্ঠানিকভাবে প্রশংসা জানিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং প্রতিষ্ঠান CMA CGM Group / CNC Line।

বিশ্ববাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই আন্তর্জাতিক শিপিং কোম্পানিটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে একটি 'Letter of Appreciation' পাঠিয়েছে। প্রশংসাপত্রটি যৌথভাবে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ফ্রান্সের সদর দপ্তরের ভাইস প্রেসিডেন্ট (QSSE) MOREAU Xavier এবং ম্যানেজিং ডিরেক্টর (CCISC) ACCARD François-Xavier।

প্রশংসাপত্রে বলা হয়, সংকটময় পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তাৎক্ষণিক সাড়া, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, দক্ষ সমন্বয় এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টা আন্তর্জাতিক মানের পেশাদারিত্বের পরিচয় বহন করেছে।

বিশেষভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন), হারবার মাস্টার, ডক মাস্টার, জ্যেষ্ঠ পাইলট এবং মেরিন বিভাগের কর্মকর্তাদের বিচক্ষণ নেতৃত্ব, দক্ষতা ও নিবেদিত ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এই উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিএমএ সিজিএম গ্রুপ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দ্রুত ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে চট্টগ্রাম বন্দর আবারও প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক মানের জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের সক্ষমতা অত্যন্ত শক্তিশালী। এ ধরনের কার্যকর ব্যবস্থাপনা শুধু একটি জাহাজ উদ্ধারেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক শিপিং কমিউনিটির কাছে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরের নির্ভরযোগ্যতা ও সক্ষমতাকেও আরও সুদৃঢ় করেছে।

সিএমএ সিজিএম গ্রুপ তাদের বার্তায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্কের প্রশংসা করে ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে। তারা বাংলাদেশের সামুদ্রিক খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ অবদানেরও উচ্চ প্রশংসা করে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট চট্টগ্রাম বন্দর চ্যানেল দিয়ে চলাচলের সময় যান্ত্রিক ত্রুটির কারণে কন্টেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস রিটেইনিং দেয়ালে আটকে পড়ে। এতে সাময়িকভাবে নৌচলাচলে জটিলতা সৃষ্টি হলেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই জাহাজটিকে নিরাপদে উদ্ধার করে পুনরায় সচল করা সম্ভব হয়।

আন্তর্জাতিক শিপিং জগতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান সিএমএ সিজিএমের এই আনুষ্ঠানিক স্বীকৃতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা এবং আন্তর্জাতিক মানের মেরিন অপারেশন পরিচালনার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর কাছে চট্টগ্রাম বন্দরের গ্রহণযোগ্যতা ও আস্থা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL