শিরোনামঃ

ঝড়ো বাতাসে বোট উল্টে লংগদুর যুবক নিখোঁজ, ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে গেলেন বাবা

সালাউদ্দীন শাহিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও লংগদু উপজেলার শেষ সীমানা ১৪ নাম্বার বিলে প্রচন্ড ঝড়ো বাতাসে ইঞ্জিন চালিত বোট উল্টে আব্দুল সালাম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার ১৬ আগস্ট বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ প্রচন্ড বাতাসের কবলে পড়ে বোটটি উল্টে যায়। এসময় পানিতে পড়ে যায় আব্দুল সালামের ১০ বছরের ছেলে। সন্তানকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন বাবা আব্দুল সালাম। ছেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, সন্তানকে বাঁচিয়ে নিজেই পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ছেলেকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত আব্দুল সালামের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত পর্যন্ত স্থানীয়রা বিলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।

নিখোঁজ আব্দুল সালামের স্থায়ী ঠিকানা লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও গ্রামে। ঘটনার খবর পেয়ে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

একজন বাবার আত্মত্যাগের এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL