বোয়ালখালীতে আহল্লা করলডেঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক খামারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত রনি চৌধুরী নন্দীপাড়ার বাবুল মাস্টার বাড়ির মৃত বুলবুল চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রনি মুরগীর খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃ'ষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলো। নাস্তা করার জন্য ডাকতে গিয়ে তার মা মাটিতে পড়ে থাকায় অবস্থায় তাকে দেখতে পান।
পরে রনিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা জানান, সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রনি চৌধুরী নামের এক যুবককে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।