সরকারী স্বার্থে কঠোর অবস্থানে এবং অবৈধ দখলদারের বিরুদ্ধে সোচ্চার মহেশখালী উপজেলা প্রশাসন। কুতুবজোমে সরকারী জমিতে অবৈধ দালান নির্মাণের খবরে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিলেন এসিল্যান্ড। এতে প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ জুন) সকালে কক্সবাজার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামিতারপাড়া এলাকায় সরকারী ১নং খাস খতিয়ানভুক্ত খাস পুকুরের লাগোয়া জমিতে নির্মাণাধীন অবৈধ স্থায়ী দালানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। এদিকে অবৈধ দখলদারের বিরুদ্ধে এমন অভিযানে প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মার্চ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অভিযুক্ত মো. জমির উদ্দিন (পিতা: আমিন শরীফ)-কে সরকারি খাস জমিতে কোনো ধরনের স্থায়ী স্থাপনা বা নির্মাণ না করার নির্দেশ দেওয়া হয়।
তবে অভিযুক্ত ব্যক্তি প্রশাসনের নির্দেশনায় কিছুদিন নির্মাণকাজ বন্ধ রাখলেও সম্প্রতি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারো একই স্থানে স্থায়ী দালান নির্মাণের বিষয়টি চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক দেশের কথায় প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ১৪ ঘন্টার মধ্যে
উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে অবৈধ দখলদারে বিরুদ্ধে অভিযান পরিচালনা করে স্থায়ী দালানটি গুঁড়িয়ে দেন। অভিযানকালে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানোনগো এবং সার্ভেয়ার আব্দুল্লাহ আল নোমান, স্থানীয় তহশীলদার। এছাড়া উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। সচেতনমহল সহ সর্বসাধারণ এহেন অভিযানের স্বাগত জানান পাশাপাশি পুরো উপজেলায় অভিযান অব্যাহত রাখার দাবী জানান।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান মাহমুদ ডালিম জানান, অবৈধ কার্যক্রম এবং দখলদারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা সোচ্চার রয়েছে।