চট্টগ্রামের রাউজানে নিখোঁজ হওয়ার একদিন পর এক যুবককে ভিডিও কলে দেখিয়ে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ বলছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
নিখোঁজ যুবক মো. নাহিদুল ইসলাম তানভীর (২৬) রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের হালদা খান চৌধুরী বাড়ির প্রয়াত নুরুল ইসলাম খানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মোবাইল ফোন মেরামতের কথা বলে বাড়ি থেকে বের হন তানভীর। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দাবি, মঙ্গলবার রাতেই তানভীরের স্ত্রী আনিসা আক্তার ববির মোবাইল ফোনে একটি ভিডিও কল আসে। ভিডিও কলে তানভীরকে কান্নাজড়িত অবস্থায় দেখা যায়। এ সময় কলের অপর প্রান্ত থেকে তাকে আটকে রাখার দাবি করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, স্ত্রী আঞ্চলিক ভাষায় স্বামীকে সাহস জোগাচ্ছেন। তিনি বলেন, “আপনি কাঁদবেন না, শক্ত থাকুন। আপনাকে শক্ত থাকতে হবে।”
তানভীরের বন্ধু তাজবি চৌধুরী জানান, “প্রথমে অপহরণকারীরা আমাকে ফোন দেয়। পরে তানভীরের স্ত্রীর নম্বরে ভিডিও কল করে মুক্তিপণের দাবি জানায়। তখন আমি ভিডিও কলটির একটি অংশ ধারণ করি।”
এ ঘটনায় বুধবার বিকেলে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তানভীরের বোন উম্মে কুলসুম রুপা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।” মুক্তিপণ দাবির বিষয়ে তিনি বলেন, “পুলিশের কাছে সরাসরি কেউ দাবি করেনি। তাই বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।”
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ যুবকের সন্ধান এবং অভিযোগের সত্যতা উদঘাটনে পুলিশ কাজ করছে।”