চট্টগ্রামের রাউজানে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মুহাম্মদ আলী ও তার বড় ভাই মোহাম্মদ হারুনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় দুই ভাইকে ছুরি দিয়ে আঘাত করা হলে তারা গুরুতর আহত হন। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আলীখীল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় মোহাম্মদ বাদশা ওরফে খুর বাদশা এবং তার ছোট ভাই এয়ার খান ভুক্তভোগী পরিবারের ওপর নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে তারা মুহাম্মদ আলী ও মোহাম্মদ হারুনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর আঘাত করা হলে ঘটনাস্থলে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।জানা যায়, হামলায় মুহাম্মদ আলীর হাতে ছুরিকাঘাত করা হয় এবং মোহাম্মদ হারুনের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর পুলিশ এয়ার খান নামের একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।রোববার (১৯ এপ্রিল) বিকেলে এ ঘটনার প্রতিবাদে পৌরসভার ৯নং ওয়ার্ডের চারাবটতল বাজারস্থ চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইউসুফ মাহমুদ কোম্পানি, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মো. ইব্রাহিম কোম্পানি, উপজেলা যুবদল নেতা রাসেল মিয়া রকি, মাওলানা মো. করিম, জেসমিন আক্তার, ভুক্তভোগী মো. হারুন, আতিক হোসাইন, মো. ইব্রাহিম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, মোহাম্মদ বাদশা ওরফে খুর বাদশা ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে পুরো এলাকা আতঙ্কে রয়েছে। তারা বলেন, এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেফতার এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবার মামলা করেছেন। মামলার ভিত্তিতে তদন্ত চলছে। ইতোমধ্যে এয়ার খান নামের একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।