চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ধীরেন্দ্র লাল ভট্টাচার্যের বাড়ির দুর্গা মন্দির ও পাশের একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চোরের দল প্রথমে মন্দিরের আশপাশে থাকা চারটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর মন্দিরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পূজার কাজে ব্যবহৃত পিতলের কলসি, বিভিন্ন পূজাসামগ্রী ও অন্যান্য আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
পরে মন্দিরের পাশেই থাকা পংকজ ভট্টাচার্যের বসতঘরের তালা ভেঙে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি করে। ঘটনার সময় ঘরটিতে কেউ অবস্থান করছিল না বলে জানা গেছে। একই রাতে মন্দিরের পেছনের একটি পুকুর থেকেও জাল ফেলে মাছ ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী পংকজ ভট্টাচার্য বলেন, “গত এক বছরে তিনবার আমার ঘর ও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চাকরির কারণে পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকি। সেই সুযোগে বারবার চোরের দল ঘরে ও মন্দিরে হানা দিচ্ছে। আমি পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
পংকজ ভট্টাচার্যের ছোট ভাইয়ের স্ত্রী ঝর্ণা ভট্টাচার্য বলেন, “একই রাতে মন্দির, পুকুরের মাছ ও আমার ভাসুরের ঘরে চুরি হয়েছে। বারবার এমন ঘটনায় আমরা আতঙ্কে আছি। মন্দিরের নিরাপত্তা এবং আমাদের পরিবারের নিরাপত্তার দরকার।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, “আমি ছুটিতে বাড়ি যাচ্ছি। চুরির ঘটনাটি এখনো আমার জানা নেই। জেনে পরে বলতে পারবো।”