রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এক নালা বন্দুক উদ্ধার করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর সদস্যরা।
মঙ্গলবার (২৮ জুলাই ) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস,-এর দিকনির্দেশনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টহল দল পরিত্যক্ত অবস্থায় একটি এক নালা বন্দুক উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত বন্দুকটি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিয়মিত টহল, নিবিড় পর্যবেক্ষণ এবং কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানানো হয়েছে।